আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

 In রাজনীতি

বিশেষ রিপোর্ট :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আ’লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আজিম মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক পক্ষের নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে আটক করেছে পুলিশ।

নিহত আজিম মণ্ডল মাতপুর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের সমর্থক ছিলেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ আবু বক্কর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত আজিম মণ্ডলকে প্রতিপক্ষের লোকজন স্থায়ীয় একটি গোরস্থানের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উভয়পক্ষের আরও পাঁচজন আহত হন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, স্থানীয়ভাবে ওরা দল করুক বা না করুক কেউই আইনের ঊর্ধ্বে নয়। দল করলেই দলের নাম ভাঙিয়ে যা খুশি তা করতে দেওয়া হবে না। এ ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। দল করলেই এসব করে কেউ পার পাবেন না।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, দুই পক্ষের সংঘর্ষ বাধলে ধারালো অস্ত্রের আঘাতে আজিম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আটক করতে অভিযান চলছে। ইতোমধ্যে এক পক্ষের নেতা আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে।

Recent Posts

Leave a Comment