দাবানল ও তাপদাহে জ্বলছে অস্ট্রেলিয়া
আন্তজার্তিক ডেস্ক :
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, সেই সঙ্গে জ্বলছে সর্বোচ্চ তাপমাত্রায়।
ভয়াবহ দাবানলের সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রায় জ্বলছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দেশটির তাপমাত্রা ছিল গড়ে ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৩ সালে গড়ে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তাপদাহের কারণে দাবানল পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাত দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের সূত্রপাত হওয়ার পর এ রাজ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হলো।
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্য তিনটিতে বৃহস্পতিবার ও পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা আরও বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে তাপদাহ। দীর্ঘ খরায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার জন্য ভয়াবহ সঙ্কট এটি।