পুঁজিবাজারে কমেছে সূচক-লেনদেন
বিশেষ নিউজ :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছে। এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে কমেছে লেনদেনও।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৩৪ পয়েন্টে। তবে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক নয় পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৭ ও ১৬২৯ পয়েন্টে।
ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫২১ কোটি টাকার।
ডিএসইতে এ দিন ৩৪৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৯৪টির এবং ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন করা শীর্ষ ১০ কোম্পানি হলো-লাফার্জহোলসিম, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, ডাচ বাংলা ব্যাংক, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১২ পয়েন্টে। এ দিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২২টির। অপরিবর্তিত রয়েছে ২৬টির। সোমবার সিএসইতে ১৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ক্লিক করুন, আরো পড়ুন : শেয়ার বাজার