ক্ষুধার যন্ত্রণায় কুষ্টিয়া ডিসির দুয়ারে কড়া নাড়ছেন কর্মহীন মানুষ!
বিশেষ প্রতিনিধি:
কুষ্টিয়া:
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে খাদ্য সহায়তা পাওয়ার আশায় ঘণ্টাব্যাপী অবস্থান নেন তারা।
পরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন নতুন তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে কালেক্টরেট চত্বর ত্যাগ করেন সহায়তা প্রত্যাশীরা।
সহায়তার জন্য অবস্থান নেওয়া কয়েকজন জানান, করোনা ভাইরাস থেকে নিজের ও পরিবারের অন্য সবাইকে রক্ষা করতে কাজকর্ম ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়েছি। আমাদের ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কোনো কাজ করতে পারছি না। এতে আমাদের ঘরের খাবার শেষ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিন কাটছে।
তদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কোনো খোঁজ রাখছেন না। ত্রাণ বিতরণে পরিচিত মুখগুলোকে গুরুত্ব দিচ্ছেন কাউন্সিলর মুরাদ। তাই ক্ষুধার যন্ত্রণায় খাদ্য সহায়তা পাওয়ার আশায় ডিসির দুয়ারে আসতে বাধ্য হয়েছি।
কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফ-উল-হক মুরাদ বলেন, ‘এখন পর্যন্ত চৌড়হাঁস ক্যানাল পাড়ায় ৮০জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।’
ত্রাণ বিতরণে পরিচিতিদের নাকি অধিক গুরুত্ব দিচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা এখানকার মানুষের রেওয়াজ। দিলেও এমন কথা বলবে, না দিলেও একই কথা বলবে। তারা যখন কালেক্টরেট চত্বরে অবস্থান নিয়েছিল, তখন আমার সঙ্গেও অনেকের দেখা হয়েছে। আমাকে দেখে মুখ ঢেকে চলে গেছে অনেকেই। পর্যায়ক্রমে তাদের ত্রাণ সাহায্য দেওয়া হবে।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘তাদের ভোটার আইডি কার্ড জমা নেওয়া হয়েছে। ত্রাণ সহায়তা না পেয়ে থাকলে অবশ্যই সরকারি খাদ্য সহায়তা দেওয়া হবে।