অনভিজ্ঞ জার্মানিও অপ্রতিরোধ্য!

 In খেলাধুলা
জার্মানি ৪ : ১ মেক্সিকো
দলে বড় কোনো নাম না থাকলেও জার্মানির জার্সির ওজনটা যে ফেলনা নয়, সেটাই দেখল ফিফা কনফেডারেশন্স কাপ। একেবারে নতুন চেহারার এক অনভিজ্ঞ দল

নিয়ে এবার রাশিয়ায় এসেছেন জোয়াচিম লো। সেমিফাইনালের মতো স্নায়ুক্ষয়ী ম্যাচে লো’র সেই তরুণ ব্রিগেডই খেলল সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়নের মতো। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে হাসতে হাসতে ফাইনালে উঠে গেল জার্মানি। বিশ্বকাপের এক বছর আগে মূল দলের বড় তারকাদের বিশ্রাম দিয়ে লো আসলে দেখে নিতে চেয়েছিলেন তার রিজার্ভ বেঞ্চ কতটা প্রস্তুত। ফিফা কনফেডারেশন্স কাপকে পরীক্ষার মঞ্চ বানানোর ঝুঁকিটা নিয়ে শেষ পর্যন্ত সফলই হলেন জার্মানি কোচ। বিশ্বকাপের পোশাকি মহড়াখ্যাত এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে ওঠা নিঃসন্দেহে বড় সাফল্য।

বৃহস্পতিবার রাতে সোচির অলিস্পিক স্টেডিয়ামে জার্মানির দুরন্ত জয়ের নায়ক লিওন গোরেৎজকা। শালকের এই তরুণ মিডফিল্ডারের শুরুর ঝলকই কার্যত ম্যাচের ভাগ্য লিখে দেয়। আট মিনিটের মধ্যে তার জোড়া গোলের ধাক্কা আর সামলে উঠতে পারেনি মেক্সিকো। পরে ব্যবধান বাড়িয়ে জার্মানির জয় নিশ্চিত করেন টিমো ওয়ার্নার ও আমিন ইউনেস। সেন্ট পিটার্সবার্গে রবিবাসরীয় ফাইনালে কোপা চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। একই দিনে মস্কোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দেখা হবে পর্তুগাল ও মেক্সিকোর।

গত বিশ্বকাপে মেক্সিকোর গোলকিপার গুইলেমো ওচোয়ার অবিশ্বাস্য কিছু সেভ এখনও অনেকের চোখে লেগে আছে। কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে সেই ওচোয়াকেই বড় অসহায় দেখাল। অতি আক্রমণাত্মক হতে গিয়ে রক্ষণে তালগোল পাকিয়ে ফেলে মেক্সিকো। শুরুতেই তার ফায়দা তুলে ম্যাচ শেষ করে দেয় জার্মানি। ছয় মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে হেনরিকসের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন গোরেৎজকা। দু’মিনিট না যেতেই প্রায় একইভাবে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ২২ বছর বয়সী এই শালকে তারকা। এবার রূপকার ছিলেন জার্মানির নতুন প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার ওয়ার্নার। দ্বিতীয়ার্ধে তার পা থেকেও গোল এসেছে। ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করে জার্মানির জয় নিশ্চিত করে ফেলেন ওয়ার্নার। ৮৯ মিনিটে ফ্রিকিকে এবারের আসরের অন্যতম সেরা গোলটি করেন মেক্সিকোর মার্কো ফ্যাবিয়ান। তাতেও মেলেনি সান্ত্বনা। বদলি হিসেবে নেমে ইনজুরি টাইমে মেক্সিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন আমিন ইউনেস। যোগ্য দল হিসেবেই জিতেছে জার্মানরা। তবে ম্যাচের প্রকৃত ছবিটা প্রতিফলিত হয়নি স্কোরলাইনে। প্রথমার্ধে ৬২ ভাগ সময় বল ছিল মেক্সিকোর দখলে। গোলমুখে জার্মানির পাঁচটি শটের বিপরীতে তারা নিয়েছে ১০টি শট। কিন্তু রক্ষণের সঙ্গে আক্রমণের সমন্বয় না থাকায় বড় হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় মেক্সিকোকে। অন্যদিকে জার্মানির তরুণ তুর্কিরা একসঙ্গে কয়েকটি ম্যাচ খেলেই সত্যিকারের দল হয়ে উঠেছে। তাদের চোখ এখন আরাধ্য শিরোপায়। গ্রুপপর্বে জার্মানিকে ১-১ গোলে রুখে দিয়েছিল চিলি। রোববারের ফাইনালে সেই খেদ মেটাতে মুখিয়ে আছেন সেমির হিরো গোরেৎজকা, ‘ আবারও চিলির মুখোমুখি হতে পেরে আমি খুশি। গ্রুপপর্বের ম্যাচের পর আমাদের মনে হয়েছিল, ড্র যথেষ্ট নয়। বড় দলের বিপক্ষে আমরা কী করতে পারি সেটা দেখানোর এটাই সেরা সুযোগ।’ এএফপি/ওয়েবসাইট।

Recent Posts

Leave a Comment