আমার টেলিছবিকে নাটক বানিয়ে প্রচার করেছে
ঈদ কেমন কাটল?
ঈদে খুলনায় দাদাবাড়িতে এসেছি। এসেই জ্বর। ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। কোথাও বেড়াতে যেতে পারিনি। বিছানায় শুয়ে শুয়ে ঈদের এই কয় দিন কেটেছে। প্রথম দিকে ১০৪ ডিগ্রি উঠেছিল জ্বর। এখন একটু সুস্থ। কাল (আজ) রোববার ঢাকায় ফেরার ইচ্ছা।
ঈদে বিভিন্ন টেলিভিশনে নিজের অনুষ্ঠান দেখা হয়েছে?
হ্যাঁ, বেশ কয়েকটি দেখেছি। যমুনা ও এশিয়ান টেলিভিশনে সেলিব্রিটি শো দেখেছি। এ ছাড়া এটিএন বাংলায় আমার অভিনীত টেলিছবি দুপুর আকাশে একলা চিল দেখলাম। বিছানায় শুয়ে শুয়ে অনুষ্ঠানগুলো দেখে সময় কাটিয়েছি। বিরক্ত লাগেনি।
আর এশিয়ান টেলিভিশনে ঈদের সাত দিন অতি চালাকের গলায় দড়ি ধারাবাহিকটি?
না, এটি প্রতারণা করে প্রচার করা হচ্ছে। গত বছর এটি টেলিছবি হিসেবে নির্মাণ করা হয়েছিল। তখন নামও ভিন্ন ছিল। এবার সেই টেলিছবির নাম পরিবর্তন করে সাত পর্ব বানিয়ে নতুন করে ঈদে প্রচার করছে। আমি টেলিছবিটির একজন অভিনয়শিল্পী। আমার অনুমতিও নেওয়া হয়নি। আমার টেলিছবিকে নাটক বানিয়ে প্রচার করেছে। এটি রীতিমতো অপরাধ।
ঈদ ছাড়া অন্য সময় ছোট পর্দায় আপনাকে দেখা যায় না।
বড় পর্দার শিল্পী হিসেবে ছোট পর্দায় নিয়মিত কখনোই কাজ করিনি। আগে তো করতামই না, এখন ঈদের সময়টায় কিছু কাজ করি। অনেক দর্শক আছেন, যাঁরা হলে গিয়ে সিনেমা দেখেন না, ঈদের ছুটিতে বাসায় বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখেন, তাঁদের জন্যই কাজ করা।
প্রেক্ষাগৃহে গিয়ে ঈদের ছবি দেখবেন না?
এবার ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে। নবাব ও বস ২ যৌথ প্রযোজনায় অনিয়ম করে বানানো ছবি। দেশীয় চলচ্চিত্রের স্বার্থে এই ছবি দুটি দেখতে যাওয়া ঠিক হবে না। অন্যদিকে রাজনীতি দেশের ছবি। কিন্তু চক্রান্ত করে ছবিটিকে খুবই কম হল দেওয়া হয়েছে। ঢাকার ভেতর মাত্র একটি হল। ঢাকার বাইরেও সব জায়গায় হল পায়নি। সুযোগ পেলে ছবিটি দেখার ইচ্ছা আছে।
নতুন কোনো ছবিতে কাজ করছেন?
হ্যাঁ, রাজপথে আছি নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। পরিচালক জাভেদ মিন্টু। আমার বিপরীতে আছেন জায়েদ খান। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুটিং শুরুর কথা আছে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন