বাবার সঙ্গে খেলতে যাচ্ছে ছেলেও
গত মৌসুমের প্রিমিয়ার লিগ দাবায় মুখোমুখি হয়েছিলেন বাবা-ছেলে। বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বিপক্ষে দাবার বোর্ডে মগ্ন ছেলে তাহসিন তাজওয়ার l ফাইল ছবিতাহসিন তাজওয়ারের চোখে-মুখে খেলা করছিল রোমাঞ্চ। বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গী হিসেবে প্রথমবারের মতো কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এই কিশোর। ভারতের নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এবারের কমনওয়েলথ দাবায় অংশ নিচ্ছে ২১ জন দাবাড়ু। বাংলাদেশের দাবার ইতিহাসে এর আগে কখনোই এত বড় দল অংশ নেয়নি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। নয়াদিল্লির উদ্দেশে আজ ঢাকা ছাড়বেন ২০ দাবাড়ু। যদিও গতকাল ভারতে চলে গেছে ফিদে মাস্টার ফাহাদ রহমান।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শামীমা আক্তার লিজা, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও শারমিন সুলতানা শিরীন অংশ নেবেন উন্মুক্ত বিভাগে। নর্ম অর্জনের সুযোগ থাকলেও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মিনহাজউদ্দিন আহমেদ সাগর যাচ্ছেন না কমনওয়েলথ দাবায়। শাকিলের পারিবারিক সমস্যা, নৌবাহিনীর চাকুরে মিনহাজের ছুটি মেলেনি।
দেশের শীর্ষ সারির দাবাড়ুদের পাশাপাশি এবারই প্রথম এক ঝাঁক খুদে দাবাড়ুকে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দিয়েছে ফেডারেশন। কাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো জিমনেসিয়ামে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বললেন, ‘আমরা এই দাবাড়ুদের তিন মাস ধরে অনুশীলন করিয়েছি গ্র্যান্ডমাস্টার রাকিব ও রাজীবকে দিয়ে। এই ছেলেমেয়েদের কাছে এখনই খুব ভালো ফল আশা করছি না। তবে ওদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। আমরা পাইপলাইনে দাবাড়ু বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে ওরা আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।’ এই খুদে দাবাড়ুদের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম ফাহাদ। তাকে নিয়েই বেশি আশাবাদী শামীম, ‘ফাহাদ আশা করি এবার সোনা জিতবে। এ জন্য আমরা ওকে উন্মুক্ত বিভাগে খেলতে দিইনি। ও খেলবে অনূর্ধ্ব-১৪ বিভাগে। এখানে ওর সোনা জয়ের সম্ভাবনা উজ্জ্বল।’
দুই বছর আগে দিল্লিতেই অনূর্ধ্ব-১২ বছর বিভাগে ব্রোঞ্জ জিতেছিল ফাহাদ। এবার সোনা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার, ‘এবার সোনা জয়ের আশা নিয়েই খেলতে যাচ্ছি। গত দুই মাস খুবই ভালো দাবা খেলছি। জুনিয়র ও সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছি। ভারতে দুটি টুর্নামেন্টেও ভালোই করেছি। আশা করি দিল্লিতে এবার ভালো কিছুই করতে পারব।’
ফাহাদ ছাড়াও এবার অংশ নেবে আকিব জাওয়াদ, প্রতিভা তালুকদার, অন্ত চৌধুরী, নাঈম হক, জেরিন তাসনিম, নোশিন আঞ্জুম, তাহসিন তাজওয়ার, জান্নাতুল ফেরদৌস, সাজিদুল হক, সৈয়দ রিদওয়ান ও মনন রেজা। এই কিশোর-কিশোরীদের নিয়ে আশাবাদী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানও, ‘ফেডারেশনের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ। আমার ছেলেসহ অন্যরা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত খেলছে। দাবায় নতুন প্রজন্ম উঠে আসছে, এটা আমাদের জন্য ভালো।’