মেসির বেতন সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড
বুধবার এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়নে রাজি হয়েছেন মেসি। আগামী কয়েকদিনের মধ্যেই দু’পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে।
মেসির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও সেটির নবায়ন দীর্ঘদিন ঝুলে ছিল। অবশেষে এ নিয়ে সমর্থকদের উৎকণ্ঠার অবসান ঘটাতে যাচ্ছেন ৩০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
শৈশবের বান্ধবী ও প্রায় নয় বছরের ঘরণী আন্তোনেল্লা রোকুজ্জোকে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর এখন মধুচন্দ্রিমায় আছেন মেসি। প্রাক-মৌসুম অনুশীলনের জন্য ১২ জুলাই স্পেনে ফিরলেই নতুন চুক্তিতে সই করবেন তিনি।
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব প্রকল্পে যোগ দেন মেসি। ২০০৪ সালে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৫৮৩ ম্যাচে করেছেন রেকর্ড ৫০৭টি গোল। জিতেছেন ৩০টি শিরোপা।
নতুন চুক্তির আর্থিক বিষয়গুলো বার্সা প্রকাশ না করলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন মেসি।
তার সাপ্তাহিক বেতন বেড়ে দাঁড়াচ্ছে পাঁচ লাখ পাউন্ড। বছরে পাবেন ২৬.৪ মিলিয়ন পাউন্ড। লীগ, চ্যাম্পিয়ন্স লীগ ও ব্যালন ডি’অর জিতলে আয় বাড়বে আরও ২০ শতাংশ।
এছাড়া নতুন চুক্তিতে সাইনিং ফি হিসেবে অতিরিক্ত ২৩.২ মিলিয়ন পাউন্ড পাবেন মেসি। ২০২১ সালের পর আরও এক বছর চুক্তি নবায়নের সুযোগ রাখা হয়েছে। বাই-আউট ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ ন্যুক্যাম্প থেকে মেসিকে বাগিয়ে আনতে ট্রান্সফার ফির নতুন বিশ্ব রেকর্ড গড়তে হবে আগ্রহী দলকে। ওয়েবসাইট।