সীমা অতিক্রম করবেন না
চীনের কমিউনিস্ট শাসনের অবসান দেখতে চাওয়া মানবাধিকারকর্মী নোবেলজয়ী লিও জিয়াওবোর ছবি হংকংয়ের একজন গণতন্ত্রকামীর হাতে। তাঁর ছবি হাতে অনেকেই গতকাল হংকংয়ে আয়োজিত মিছিলে অংশ নেন। হংকংকে চীনের কাছে হস্তান্তর করার ২০ বছর পূর্তি উপলক্ষে মিছিলের আয়োজন করা হয় l ছবি: রয়টার্সহংকংয়ের ওপর কর্তৃত্ব নিয়ে আপত্তি তোলা হলে তা মেনে নেওয়া হবে না বলে গতকাল শনিবার সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। হংকংবাসীর উদ্দেশে তিনি বলেন, সীমা অতিক্রম করবেন না, অবাধ্য হবেন না। চীনের বিশেষ প্রশাসনিক ও স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের নবনির্বাচিত প্রধান নির্বাহী ক্যারি ল্যামের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দিলেন।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানের কাছেই হংকংয়ের স্বাধীনতাকামী ও বেইজিংপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হংকংয়ের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ধরপাকড়ের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে হংকংয়ের তরুণদের মধ্যে বেইজিংবিদ্বেষ বেড়েছে।
চীনের কাছে হংকংকে যুক্তরাজ্যের হস্তান্তর করার ২০ বছর পূর্তি উপলক্ষে স্বায়ত্তশাসিত এ অঞ্চলটিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো সফর করছেন। কড়া নিরাপত্তার মধ্যে গতকাল হংকংয়ের প্রধান নির্বাহীর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। একে কেন্দ্র করে সড়কজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অনুষ্ঠানে সি চিন পিং বলেন, ‘চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিপন্ন করার কোনো প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের প্রতি আপত্তি তোলা…অথবা মূল ভূখণ্ডে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বা অনুপ্রবেশে হংকংকে ব্যবহার করা হবে সহ্যের সীমার অতিক্রম, যা অগ্রাহ্য বলেই গণ্য হবে।’ গতকাল কড়া নিরাপত্তার মধ্যে পতাকা উত্তোলনসহ বেশ কিছু কর্মকাণ্ডে চিন পিং অংশ নেন। বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্বাধীনতা উপভোগ করছে হংকং।
বিবিসি জানায়, শপথগ্রহণ অনুষ্ঠানের কাছেই হংকংয়ের স্বাধীনতাকামী ও বেইজিংপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়।
এদিকে, মন্ত্রিপরিষদের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের পর হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থবিরোধী যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন।